মিরসরাই প্রতিনিধি | দেবালয় মিডিয়া নিউজ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ হিন্দুপাড়ায় এক সপ্তাহের ব্যবধানে মন্দির, বসতঘর ও খড়ের গাদাসহ অন্তত সাতটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে।
সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে জাফরাবাদ এলাকার মৃদুল নামে এক ব্যক্তির বসতঘরে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও বসতঘরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর থেকেই এলাকার হিন্দু পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিসংযোগের ঘটনার পর থেকে হিন্দুপাড়ার বাসিন্দারা রাত জেগে স্বেচ্ছায় পাহারা দিচ্ছেন। সম্ভাব্য হামলা ঠেকাতে বিভিন্ন বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব অগ্নিসংযোগ করা হচ্ছে। দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, এর আগেও চট্টগ্রামের রাউজান উপজেলায় একই ধরনের ভয়াবহ ঘটনা ঘটেছে। গত বছরের ১ নভেম্বর থেকে টানা ৫০ দিনের মধ্যে রাউজানে হিন্দু সম্প্রদায়ের অন্তত ১২টি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কোনো কোনো ঘটনায় ঘরের ভেতরে মানুষ থাকা অবস্থায় বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগও উঠে আসে।
পরপর এমন ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।