“প্রয়োজনে প্রথম শহীদও আমি হবো”—ঠাকুরগাঁওয়ে হিন্দু ভোটারদের আশ্বস্ত করলেন মির্জা ফখরুল

Spread the love

ঠাকুরগাঁও প্রতিনিধি | দেবালয় মিডিয়া নিউজ

ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী গণসংযোগে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে সরাসরি নিরাপত্তা ও অধিকার রক্ষার আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেন ভয়মুক্তভাবে ভোট দিতে পারেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন—সে বিষয়ে তিনি ও তার দল প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বলদাপুকুর এলাকায় আয়োজিত গণসংযোগে মির্জা ফখরুল বলেন,
“আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন, নির্ভয়ে ফিরবেন, নির্ভয়ে জীবনযাপন করবেন। আপনাদের সঙ্গে আমি আছি। প্রয়োজনে আপনাদের জন্য প্রথম শহীদও আমি হবো।”
গণসংযোগে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, হিন্দু-মুসলিম ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল করার প্রবণতা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে।
ধর্মীয় আবেগকে পুঁজি করে ভোট আদায়ের প্রচেষ্টার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, কোনো নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে ধর্মীয় পুরস্কার পাওয়া যাবে—এমন ধারণা ইসলামের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মানুষের কর্মই তার বিচার নির্ধারণ করে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বাধীনতার ইতিহাস ভুলে গেলে চলবে না। যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে।
নিজের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি বহু মামলার মুখোমুখি হয়েছেন এবং একাধিকবার কারাবরণ করেছেন। তবে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাকেই তিনি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখেন।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সমর্থন পেলে তাদের কল্যাণে কাজ করার সুযোগ তৈরি হবে।
গণসংযোগে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *