আন্তর্জাতিক ডেস্ক | দেবালয় মিডিয়া নিউজ
বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর চলমান নির্যাতন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে জাতিসংঘসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে গ্লোবাল বেঙ্গলি হিন্দু প্ল্যাটফর্ম (GBHP)।
চিঠিটি পাঠানো হয় গত ২৭ জানুয়ারি ২০২৬। এতে জাতিসংঘ মহাসচিব অন্তোনিও গুতেরেসের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সহিংসতা বেড়েছে, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ
চিঠিতে বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে বাংলাদেশে লক্ষ্যভিত্তিক হামলায় অন্তত ১৫ জন হিন্দু নিহত হয়েছেন। তবে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত বা বিচার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
এর আগেও, ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে জাতিসংঘে শান্তিরক্ষী মিশন মোতায়েনের আহ্বান জানানো হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে উল্লেখ করা হয়।
বিশ্বব্যাপী প্রতিবাদ কর্মসূচি
সংগঠনটি জানায়, ২১ জানুয়ারি ২০২৬ তারিখে ‘গ্লোবাল বিগ ডেমনস্ট্রেশন’-এর অংশ হিসেবে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে একযোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত কর্মসূচিতে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য, লর্ডস সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

আগস্ট ২০২৪-এর পর থেকে পরিস্থিতি ভয়াবহ
চিঠিতে দাবি করা হয়, আগস্ট ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী—
সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট
মন্দির ও উপাসনালয় ভাঙচুর
নারী নির্যাতন ও হত্যাকাণ্ড
সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংখ্যালঘুদের জোরপূর্বক অপসারণ
ঘটছে বলে অভিযোগ করা হয়।

নির্দিষ্ট দাবিসমূহ
চিঠিতে জাতিসংঘের কাছে চারটি প্রধান দাবি উত্থাপন করা হয়—
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের আনুষ্ঠানিক নিন্দা
পরিস্থিতি তদন্তে স্বাধীন ইউএন ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন পাঠানো
আসন্ন জাতীয় নির্বাচনের আগে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে চাপ প্রয়োগ
নিরাপত্তা পরিষদের অনুমোদন নিয়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন মোতায়েন
এছাড়া, চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি, সহিংসতায় নিহত দীপু দাসসহ সকল ভুক্তভোগীর বিচার, এবং অপরাধীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়।

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ
সংগঠনটি দাবি করে, বাংলাদেশ আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি—বিশেষ করে ICCPR ও সর্বজনীন মানবাধিকার ঘোষণার স্বাক্ষরকারী হয়েও সংখ্যালঘুদের সুরক্ষায় ব্যর্থ হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
চিঠির শেষাংশে বলা হয়, পরিস্থিতির উন্নতি না হলে আন্তর্জাতিক আইনের আওতায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
চিঠিতে স্বাক্ষর করেন—
বীরেন্দ্র শর্মা, সাবেক ব্রিটিশ এমপি ও চেয়ারম্যান
গ্লোবাল বেঙ্গলি হিন্দু প্ল্যাটফর্ম