টাঙ্গাইলের মধুপুর উপজেলার হাগুড়াকুড়ী গ্রাম থেকে কাজলী রানী রবিদাস (১৬) নামে এক নাবালিকা কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে বাড়িতে একা থাকা অবস্থায় কাজলী রানী রবিদাসকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। ওই সময় পরিবারের সদস্যরা বাইরে ছিলেন। পরে বাড়িতে ফিরে তারা কাজলীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
নিখোঁজ কিশোরীর পিতা সামলাল রবিদাস ও মাতা অনিতা রানী রবিদাস। তাদের বাড়ি মধুপুর উপজেলার হাগুড়াকুড়ী গ্রামে। পরিবারের দাবি, ঘটনার সঙ্গে ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার সরমহল এলাকার বাসিন্দা মো. জুলহাস খান জড়িত।তার পিতা মো. মন্নান খান এবং মাতা মোসা. চায়না বেগম।

পরিবারের এক সদস্য জানান, “বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে নিয়ে যাওয়া হয়েছে। ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।”
এ ঘটনায় মধুপুর থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানা গেছে। মেয়েটির স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে স্থানীয় এলাকাবাসীর মধ্যেও এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে কিশোরীকে উদ্ধারের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং নিখোঁজ কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিএমএন/