চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে ‘বর্ণ সংঘ’

Spread the love

‘বর্ণিল হোক মানবতার পৃথিবী’—এই স্লোগানকে ধারণ করে সামাজিক সংগঠন বর্ণ সংঘ চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করলেও, রথযাত্রা উপলক্ষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত রেখে বন্যার্ত মানুষের সহায়তাকে অগ্রাধিকার দিয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি টানা ভারী বর্ষণ ও বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বহু মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় বর্ণ সংঘ।

এরই ধারাবাহিকতায় ১৭ জুলাই চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টিরও বেশি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অঙ্কন ধর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপুর আরোহন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আশীষ ধর।

এ সময় উপস্থিত ছিলেন বর্ণ সংঘের উপদেষ্টা ডা. অপূর্ব ধর, সভাপতি দীপংকর সেন, সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত, আহ্বায়ক পুলক ভট্টাচার্য সুজয়, সদস্য সচিব ঋত্বিক তালুকদার, সোনাকানিয়া বণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাস্টার আনন্দ মোহন ধর এবং সমাজকর্মী মিন্টু ধরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বর্ণ সংঘের নেতারা জানান, সীমিত সামর্থ্য নিয়েও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সহযোগিতায় আরও বৃহৎ পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সংগঠনটির পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করা হয়েছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *