নোয়াখালী বেগমগঞ্জে সিএনজির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় চন্দ্রের মৃত্যু, আহত ১

Spread the love

নিজস্ব প্রতিনিধি : আনন্দ চন্দ্র শীল

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় চন্দ্র (১৬) নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।

বুধবার (৬ মে) বেলা আনুমানিক ১১টার দিকে চৌমুহনী চৌরাস্তা-মাইজদী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ কৃষি ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত তন্ময় চন্দ্র নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুরিপাড়া এলাকার বাসিন্দা কার্তিক চন্দ্রের ছেলে এবং স্থানীয় ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। আহত দীপ দেবনাথ (১৬) বর্তমানে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তন্ময় ও তার বন্ধু দীপ বাসা থেকে বের হন। বেলা ১১টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা অবরোধে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ চরমে পৌঁছে।

বাংলাদেশ পুলিশ-এর বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর সিএনজি চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *