সনাতনী ধর্মীয় ও সামাজিক সংগঠন “ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ”-এর উদ্যোগে বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মাননা ও ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনের দীর্ঘদিনের কার্যক্রম সততা, নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সফলভাবে পরিচালনা করায় বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক রাজ ঘোষ রান্টুসহ সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এসময় সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, সদস্য, ভক্তবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সভাপতি রঞ্জন দাস অত্যন্ত দক্ষতা, বিচক্ষণতা ও আন্তরিকতার সঙ্গে সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তার সুদক্ষ দিকনির্দেশনায় সংগঠন সবসময় ঐক্যবদ্ধ ও সুসংগঠিত ছিল। অন্যদিকে সাধারণ সম্পাদক রাজ ঘোষ রান্টু দিনরাত পরিশ্রম করে সংগঠনের কার্যক্রমকে গতিশীল রেখেছেন এবং সাংগঠনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিদায়ী কমিটির সময়কালে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, পূজা উদযাপন, প্রসাদ বিতরণ, সেবামূলক কার্যক্রম, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সাংস্কৃতিক আয়োজন এবং যুব সমাজকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার মতো নানা উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।
তারা আরও বলেন, দায়িত্বশীল নেতৃত্ব, সদস্যদের ঐক্য ও নিষ্ঠার কারণেই “ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ” সনাতনী সমাজে একটি আস্থার নাম ও ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে।অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় যখন বিদায়ী কমিটির সদস্যদের বিভিন্ন অবদানের কথা স্মরণ করে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত অনেকে তাদের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতেও সংগঠনের কল্যাণে পাশে থাকার আহ্বান জানান।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বিদায়ী কমিটির রেখে যাওয়া আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক ধারা অনুসরণ করেই আগামী দিনগুলোতে সংগঠন আরও এগিয়ে যাবে। তারা বিদায়ী কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।
শেষে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের উত্তরোত্তর উন্নতি, সনাতনী সমাজের ঐক্য এবং সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ডিএমএন/