পিরোজপুর পৌর এলাকার পৌর শ্মশান কালীমন্দিরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুর, আগুন লাগানো এবং প্রণামী বাক্সসহ সৎকারের বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সোমবার (১ জুন) ভোররাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মন্দিরে এসে এলাকাবাসী দেখতে পান, মন্দিরের ভেতরে থাকা প্রতিমার কিছু অংশ ভাঙচুর করা হয়েছে এবং একটি প্রতিমায় আগুন দেওয়া হয়েছে। এছাড়া মন্দিরের গেট ভেঙে প্রণামী বাক্স এবং মৃতদেহ সৎকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।
পৌর শ্মশান কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান কালীমন্দিরসংলগ্ন শিবঠাকুরের মূর্তি ভাঙচুর করা হয়েছে। ভাঙা প্রতিমার কিছু অংশ বাইরে এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি শ্মশানের প্রধান ফটকও ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সৎকারের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামালও নিখোঁজ রয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি ও লুটপাটের উদ্দেশ্যে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করেছিল। তবে ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, তাও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
ঘটনার খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন এবং পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ডিএমএন/