গীতা প্রচার ফাউন্ডেশনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

Spread the love

লালমনিরহাটে গীতা প্রচার ফাউন্ডেশনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) জেলার স্টেডিয়ামপাড়া এলাকার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত অতিথিরা শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা, নৈতিকতা, মানবসেবা ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় ভগবান শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন, গীতা পাঠ ও পুষ্পাঞ্জলির মাধ্যমে। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা এবং গীতা প্রচার ফাউন্ডেশনের সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানের তৃতীয় অধিবেশনে অতিথিদের বক্তব্য, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ, দায়িত্ব অর্পণ, সমবেত প্রার্থনা এবং ভজন-সংগীত পরিবেশিত হয়। একইসঙ্গে সংগঠনের ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

সমাপনী পর্বে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, সমবেত প্রার্থনা এবং মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

বক্তারা বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের সংকট মোকাবিলায় শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গীতার জ্ঞান, মানবসেবা ও নৈতিকতার বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে গীতা প্রচার ফাউন্ডেশন ভবিষ্যতেও কাজ করে যাবে।

সংগঠনটির মূল প্রতিপাদ্য হলো— “গীতার আলো ধর্মে শক্তি, সেবায় প্রাণ, নৈতিকতায় মুক্তি।”

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *