শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে মহিপুরে ইমাম আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ

Spread the love

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আরামখোলা গ্রামে মক্তবে পড়তে আসা শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয় এক ইমামকে আটক করেছে পুলিশ। অভিযোগ প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আরামখোলা গ্রামের একটি স্থানীয় মসজিদে প্রতিদিন সকালে কোমলমতি শিশুরা কোরআন ও কায়দা শিক্ষা নিতে আসত। অভিযুক্ত ইমাম দীর্ঘদিন ধরে শিশুদের ভয়ভীতি দেখিয়ে ও বিভিন্নভাবে প্রলোভনে ফেলে যৌন নির্যাতন চালিয়ে আসছিল বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি কয়েকজন ভুক্তভোগী শিশু বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শনিবার ঘটনাটি জানাজানি হলে স্থানীয় জনতা ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ইমামকে আটক করে গণধো*লাই দেয়। পরে খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্মীয় শিক্ষার মতো পবিত্র জায়গায় বসে শিশুদের সঙ্গে এমন জঘন্য আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শা*স্তির দাবি জানিয়েছেন।

মহিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগী শিশুদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *