কুড়িগ্রামের উলিপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের এক পরিবারের ১৩৫ শতক জমি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙা ভারতপাড়া এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হোকডাঙা ভারতপাড়া এলাকার বাসিন্দা মোনমহন রায় (৬৫) ও তাঁর পরিবার ক্রয় ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত ওই ১৩৫ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন।
ভুক্তভোগীদের অভিযোগ, গত রোববার (২৫ জানুয়ারি) সকালে প্রতিবেশী খাইজর আলী (৫৫) ও আবু কালাম (৪৫) গং জোরপূর্বক জমিটি দখল করে সেখানে বোরো ধানের চারা রোপণ করেন। এতে বাধা দিতে গেলে তারা ভয়ভীতি ও হুমকি দেয় বলে অভিযোগ করেন মোনমহন রায়।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গেলে মোনমহন রায় বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আমাদের নামীয় জমিতে চাষাবাদ করে আসছি। কোনো কারণ ছাড়াই প্রতিবেশীরা দিনদুপুরে জোর করে জমি দখল করে নেয়। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি আরও জানান, ঘটনার পর প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এক সপ্তাহ পেরিয়ে গেলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্তে আসা দায়িত্বপ্রাপ্ত এএসআই কোনো সমাধান না করেই ফিরে যান বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত খাইজর আলী জমি দখলের কথা স্বীকার করে বলেন, “ওরা আমাদের হয়রানি করছিল, তাই জমি দখল করেছি।”
থেতরাই ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জোর করে জমি দখল করা অন্যায়। বিষয়টি সমাধানে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।”