আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মন্দির ও হিন্দু পাড়াসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকালীন সময়ে সার্বিক নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, নির্বাচনের পূর্ব ও পরবর্তী সময়সহ টানা ১০ দিন নিজ নিজ এলাকার সকল মন্দির ও হিন্দু পাড়ার মহল্লায় নিয়মিত পাহারার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা বজায় রাখতে বলা হয়েছে। কোনো সন্দেহজনক ঘটনা বা পরিস্থিতি পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসন এবং সংগঠনের ঊর্ধ্বতন পর্যায়কে অবহিত করার নির্দেশও দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করে বলা হয়, উপরোক্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
ডিএমএন/