নাসিরনগরে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, রিপন সরকারের বাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, হত্যার হুমকি, মারধর এবং গভীর রাতে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী রিপন সরকার ও তাঁর পরিবারের সদস্যসহ স্থানীয়রা।

শুক্রবার বিকেলে উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভলাকুট ইউনিয়নের সাধন গ্রামের রিপন সরকার, তাঁর পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্ববিরোধকে কেন্দ্র করে রিপন সরকার ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গভীর রাতে তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

ভুক্তভোগী রিপন সরকার অভিযোগ করে বলেন, অভিযুক্তদের সঙ্গে তাঁর আগে থেকেই মামলা-মোকদ্দমা চলছে। এসব বিরোধের জেরে তাঁকে বিভিন্ন সময়ে হয়রানি ও মারধরের শিকার হতে হয়েছে। একপর্যায়ে তাঁর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

রিপন সরকার আরও বলেন, বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় কয়েকজনও অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বক্তারা বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা জরুরি। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *