টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি হিন্দু বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে পরিবারগুলো

Spread the love

নিজস্ব প্রতিবেদক: আনন্দ চন্দ্র শীল

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলের ডেইল এলাকায় জেলে পল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে বহু সনাতন পরিবার সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলে পল্লির একটি বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাশিমন দাশ নামে এক জেলের ঘরে জ্বালানো মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। টিনশেড ও ত্রিপল দিয়ে তৈরি ঘরগুলো হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকা বাতাস পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়। পরে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় যুবক জয়নাল বলেন, “গভীর রাতে সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখি আগুনে সবকিছু পুড়ে যাচ্ছে। অনেকেই ঘর থেকে কিছুই বের করতে পারেনি—গায়ের কাপড় ছাড়া কিছুই নেই।”

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং তাদের দ্রুত সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, হঠাৎ এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। তাদের জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *