খুলনার দাকোপ উপজেলা-র সাহেবের আবাদ গ্রামে মিঠুন গাইন (২৭) নামের এক যুবকের আত্মহত্যাকে ঘিরে এলাকায় তীব্র আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, সম্পর্কজনিত বিরোধের জেরে তাকে দীর্ঘদিন মানসিকভাবে হেনস্তা করা হয়েছে, যা শেষ পর্যন্ত তাকে আত্মহননের পথে ঠেলে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মিঠুন গাইনের সঙ্গে একই এলাকার এক তরুণী সীমন্তির পূর্বে সম্পর্ক ছিল, যা পরবর্তীতে ভেঙে যায়। বিচ্ছেদের পর থেকে ওই তরুণী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিঠুনকে বিভিন্নভাবে অপমান ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। এক পর্যায়ে দাকোপ বাজার এলাকায় প্রকাশ্যে তাকে জুতাপেটা করার ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন স্বজনরা।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার পর থেকেই মিঠুন মানসিকভাবে ভেঙে পড়েন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, মৃত্যুর দিনও অভিযুক্ত পক্ষ মিঠুনদের বাড়ির সামনে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চলা এই মানসিক নির্যাতনই মিঠুনকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। একইসঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।
এদিকে, স্থানীয় সচেতন মহল বলছে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় প্রশাসনের উচিত সব দিক বিবেচনায় নিয়ে সঠিক তদন্ত করা। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি উদ্বেগও বিরাজ করছে। ভবিষ্যতে এমন ঘটনা রোধে সামাজিক সচেতনতা ও আইনের কার্যকর প্রয়োগের ওপর জোর দিয়েছেন স্থানীয়রা।
ডিএমএন/