তেজগাঁও শিল্পাঞ্চলে নিখোঁজের ৪ দিন পর জেনারেটর রুম থেকে যুবকের মরদেহ উদ্ধার

Spread the love

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নিখোঁজের চার দিন পর এস এম সোলিম ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানের জেনারেটর রুম থেকে বিজয় (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই প্রতিষ্ঠানে ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।
পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিষ্ঠানটির অ্যাডমিন ম্যানেজারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ১১টার দিকে কারখানার একটি বদ্ধ জেনারেটর কক্ষ থেকে বিজয়ের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং পাশে একটি রক্তমাখা ইট পড়ে থাকতে দেখা যায়।
ওসি মাহমুদুর রহমান জানান, গত বৃহস্পতিবার অফিসে আসার পর থেকে বিজয় নিখোঁজ ছিলেন। তিনি কড়াইল বস্তি এলাকায় বসবাস করতেন। নিখোঁজের ঘটনায় তার পরিবার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলেও বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে জানানো হয়নি।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির এক পিয়ন রাজু অ্যাডমিন ম্যানেজারকে ফোন করে জানান—তারা দুজন একসঙ্গে জেনারেটর রুমে ঢুকেছিলেন। রাজু বের হয়ে এলেও বিজয় বের হয়েছিল কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
ঘটনার পর থেকে পিয়ন রাজু পলাতক রয়েছেন এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পলাতক রাজুকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *