রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের মুচিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম ছবিতা রাণী (৩৩)। তিনি ওই গ্রামের ভ্যানচালক গোপাল চন্দ্র রায়ের স্ত্রী এবং পেশায় একজন গৃহিণী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা বাড়ির একটি কক্ষের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছবিতা রাণীকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি। কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
ডিএমএন/