অভিনেতা সায়ক চক্রবর্তীকে গরুর মাংস পরিবেশনের অভিযোগে রেস্তোরাঁর ওয়েটার গ্রেপ্তার

Spread the love

কলকাতার পার্ক স্ট্রিটের একটি নামী রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশনের অভিযোগে এক ওয়েটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিনেতা সায়ক চক্রবর্তীর করা অভিযোগের ভিত্তিতে শনিবার (১ ফেব্রুয়ারি) এই গ্রেপ্তার কার্যকর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে ডিনারে গিয়ে সায়ক চক্রবর্তী মাটনের স্টেক অর্ডার করেছিলেন। তবে পরিবেশন করা খাবারটি গরুর মাংস বলে সন্দেহ হলে বিষয়টি নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে তার তীব্র বচসা হয়। পরে পার্ক স্ট্রিট থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় মামলা রুজু করা হয়। এই ধারায় ধর্মীয় বিশ্বাসে ইচ্ছাকৃত আঘাতের অভিযোগে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং রেস্তোরাঁ কর্তৃপক্ষের ভূমিকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার সময় সায়ক চক্রবর্তীর সঙ্গে তার দুই বন্ধু উপস্থিত ছিলেন। অভিযোগে বলা হয়, অর্ডারের সঙ্গে পরিবেশিত খাবারের মধ্যে গরমিল ধরা পড়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ওয়েটার ভুল স্বীকার করলেও বিষয়টি আইনগত পর্যায়ে গড়ায়।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও টলিপাড়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে বিষয়টিকে ধর্মীয় অনুভূতির প্রশ্ন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ রেস্তোরাঁ ব্যবস্থাপনার দায়িত্বহীনতাকে দায়ী করছেন।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *