বরিশালে বেপরোয়া বাসের চাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা রিপন বিশ্বাস নিহত

Spread the love

বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের চাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা রিপন বিশ্বাস (৪৩) নিহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন বিশ্বাস বরিশালের আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের মুদেব বিশ্বাসের পুত্র এবং পেশায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ছিলেন। তিনি রাস্তা পার হওয়ার সময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর বাসচালক গাড়িটি সড়কের পাশে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম শেখ জানান, জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ ও কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *