সাতক্ষীরা প্রতিনিধি | দেবালয় মিডিয়া নিউজ
সাতক্ষীরায় এক কিশোরীকে (১৬) ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার যুবকের নাম দেবাশীষ মন্ডল (২২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া গ্রামের ভোলানাথ মন্ডলের ছেলে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বুধবার (২৩ জানুয়ারি) রাতে তালা উপজেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি। ছবি:সংগৃহীত
মামলার নথির বরাতে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা মালয়েশিয়া প্রবাসী। পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত যুবক কিশোরীকে ধর্ষণ করে এবং কৌশলে সেই ঘটনার ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত যুবককে সহযোগিতা করে একই গ্রামের হৃদয় ঘোষসহ আরও কয়েকজন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে অভিযুক্তরা ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী কিশোরী বিষয়টি তার পরিবারকে জানালে চরম মানসিক বিপর্যয়ের মধ্যে পড়ে পরিবারটি। পরে নিরুপায় হয়ে কিশোরীর মা গত ২৩ জানুয়ারি সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার পর কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয় এবং আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দেবাশীষ মন্ডল তার অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
র্যাব গ্রেপ্তারের পর অভিযুক্তকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।