বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা, কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়ায় বিপুল অনুসারীর অধিকারী স্মিতা চৌধুরী জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি ও পোস্ট শেয়ার করে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
স্মিতার শেয়ার করা ছবিতে দেখা যায়, সম্পূর্ণ হিন্দু ধর্মীয় রীতি মেনে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। লাল বেনারসি শাড়ি, ভারী গয়না ও কপালে চন্দনের ফোঁটায় সজ্জিত স্মিতা একজন উজ্জ্বল কনে হিসেবে ধরা দিয়েছেন। বিয়ের ছবি প্রকাশের পরপরই ভক্ত, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভরে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম।
আবেগঘন বার্তা ও জীবনের অনুভূতি
বিয়ের পোস্টে স্মিতা চৌধুরী নিজের জীবনের কিছু ব্যক্তিগত অনুভূতির কথাও তুলে ধরেন। তিনি লেখেন, অতীতের কিছু কষ্টের অভিজ্ঞতার কারণে একসময় তিনি চট্টগ্রামের ছেলেদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করতেন। তবে জীবনসঙ্গীর আন্তরিকতা, যত্ন ও ভালোবাসা তাকে পুরোনো ব্যথা ভুলে নতুন করে বিশ্বাস করতে শিখিয়েছে।

পোস্টে তিনি লেখেন—
“এক চট্টগ্রামের ছেলের কারণে কষ্ট পেয়ে চট্টগ্রামের ছেলে কখনো বিয়ে করবো না বলেছিলাম। কিন্তু যদি কেউ এমন যত্ন করে আর ভালোবাসে, পুরোনো ক্ষত সারিয়ে তোলে…”
এই বক্তব্যে তার জীবনের পরিবর্তন ও আবেগ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
পেশা ও জনপ্রিয়তা
স্মিতা চৌধুরী একজন উপস্থাপিকা, উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। সাবলীল উপস্থাপনা, স্বতন্ত্র কণ্ঠ ও আত্মবিশ্বাসী উপস্থিতির মাধ্যমে তিনি ২০১৭–১৮ সাল থেকে নিজেকে মিডিয়ায় প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যা ১০ লাখেরও বেশি। তিনি দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে নিয়মিত কাজ করছেন।
স্বামীর পরিচয় এখনও প্রকাশ নয়
যদিও স্মিতা চৌধুরী নিজেই বিয়ের খবর নিশ্চিত করেছেন, তবে তার জীবনসঙ্গীর নাম বা পেশা সম্পর্কে কোনো তথ্য এখনও প্রকাশ করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্ট ও ছবির ক্যাপশন থেকে ধারণা করা যায়, তিনি চট্টগ্রামের বাসিন্দা; তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
ডিএমএন/