প্রেম, কোর্ট ম্যারেজ ও বিচ্ছেদ: মাদারীপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবকের অনশন

Spread the love

মাদারীপুরের ডাসার উপজেলায় প্রেম, কোর্ট ম্যারেজ ও বিচ্ছেদকে কেন্দ্র করে এক যুবকের অনশন ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্ত্রীর স্বীকৃতি ও দাম্পত্য জীবনে ফিরে পাওয়ার দাবিতে প্রেমিকার বাড়ির সামনে অনশনে বসেছেন বিশ্বজিৎ বাড়ৈ (২৮) নামের এক যুবক।

জানা যায়, উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে প্রেমিকা অনুশীলা বাড়ৈর বাড়ির সামনে গত মঙ্গলবার থেকে অনশন শুরু করেন বিশ্বজিৎ। তিনি একই উপজেলার বাসিন্দা বিপ্রদাশ পাত্রের ছেলে।

বিশ্বজিতের দাবি, অনুশীলার সঙ্গে তার দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে এবং প্রায় চার বছর আগে তারা আইনগতভাবে (কোর্ট ম্যারেজ) বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি আরও জানান, অনুশীলার নার্সিং পড়াশোনার জন্য তিনি প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা ব্যয় করেছেন এবং ঢাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে বসবাস করেছেন।

তার অভিযোগ, নার্সিং শেষ করে একটি বেসরকারি হাসপাতালে চাকরি পাওয়ার পর অনুশীলা পরিবারের প্ররোচনায় তার সঙ্গে দূরত্ব তৈরি করেন এবং গত কয়েকদিন ধরে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এ অবস্থায় তিনি স্ত্রীর স্বীকৃতি ও সম্পর্ক পুনঃস্থাপনের দাবিতে অনশন শুরু করেছেন।

অন্যদিকে, অনুশীলা বাড়ৈ অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের মধ্যে একসময় সম্পর্ক থাকলেও বিশ্বজিৎ তাকে জোরপূর্বক কোর্ট ম্যারেজে সই করিয়েছিলেন। তিনি জানান, এক সপ্তাহ আগে আইনগতভাবে ডিভোর্স সম্পন্ন করেছেন এবং এখন তার সঙ্গে সংসার করা সম্ভব নয়।

স্থানীয়দের মতে, ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত ও আইনি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে সমাধান প্রত্যাশা করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *