দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, হত্যা, নির্যাতন, জমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে চট্টগ্রাম, সিরাজগঞ্জ, চাঁদপুর, কক্সবাজার ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও দখলবাজির ঘটনার প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধানের দাবি তোলা হয়।
মানববন্ধন শেষে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়ের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম মহাসচিব নকুল কুমার মন্ডল, অ্যাডভোকেট শুভ মজুমদার, সঞ্জয় চক্রবর্তী, শ্যামল ঘোষ, ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি মধু, সুজন গাইন, মধার মিত্র, সজিব কুন্ডু, বাণীব্রত সাহা, সজিব দাস, শুভজিৎ চক্রবর্তী, নূপুর বসাক, অণু রায়, সবুজ দত্ত, বিষ্ণু বর্মনসহ অনেকে।
বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংখ্যালঘু সম্প্রদায় বৈষম্য দূর হওয়ার আশা করলেও বাস্তবে তা পূরণ হয়নি। সংবিধান সংস্কার, নির্বাচন সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংখ্যালঘুদের মতামত উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ করেন তারা।
তারা আরও বলেন, জাতীয় সংসদে সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব না থাকায় সংখ্যালঘু সম্প্রদায় রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। এক সময় দেশের মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ থাকলেও বর্তমানে তা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে দাবি করা হয়।
বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ, খুন, জমি দখল, প্রতিমা ভাঙচুর, অপহরণ ও জোরপূর্বক ধর্মান্তরের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
একইসঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত, দেশত্যাগ বন্ধ এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদসহ বিভিন্ন পর্যায়ে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানানো হয়।
ডিএমএন/