কুড়িগ্রামে পারিবারিক মন্দিরে চুরি, রাধাকৃষ্ণের মূল্যবান মূর্তি লুট

Spread the love

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রাঙ্গাতিপাড়া গ্রামে একটি পারিবারিক মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙে পিতলের রাধাকৃষ্ণ ও গোপালকৃষ্ণের মূর্তি, কাঁসর, ঘণ্টাসহ মূল্যবান পূজার সামগ্রী চুরি করে নিয়ে গেছে।

ঘটনাটি প্রথমে দেখতে পান স্থানীয় বাসিন্দা ধীরেন্দ্র নাথ বর্মণ। তিনি জানান, সকালে ঘুম থেকে উঠে মন্দিরের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে ঢুকে দেখেন, ঠাকুরের ছবিগুলো এলোমেলো হয়ে আছে এবং পূজার সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পরে তার চিৎকারে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে জড়ো হন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গজেন্দ্র নাথ রায়ের পারিবারিক এই মন্দিরটি দীর্ঘদিন ধরে গ্রামের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন সকাল-সন্ধ্যায় সেখানে পূজা অনুষ্ঠিত হতো। মূল্যবান ধাতব মূর্তি ও পূজার সামগ্রী চুরি যাওয়ায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *