মাদ্রাসায় শিশু বলাৎকারের অভিযোগ, আরবি শিক্ষক গ্রেপ্তার

Spread the love

মেহেরপুরের মুজিবনগরে একটি মাদ্রাসার আরবি শিক্ষকের বিরুদ্ধে বোর্ডিংয়ে থাকা এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক নুর উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এক বাসিন্দা তার ১১ বছর বয়সী ছেলেকে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দাখিল হিফজখানার বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করাচ্ছিলেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তার ছেলের এক সহপাঠীর অভিভাবকের মাধ্যমে তিনি জানতে পারেন, মাদ্রাসার আরবি শিক্ষক নুর উদ্দিন গভীর রাতে শিশুটিকে কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেছেন।

ঘটনার খবর পেয়ে ভুক্তভোগীর বাবা দ্রুত মাদ্রাসায় ছুটে আসেন এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা লক্ষ্য করেন। পরে ছেলের সঙ্গে কথা বলে তিনি ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে আরও কয়েকজন শিশুর সঙ্গে একই ধরনের ঘটনার অভিযোগও শোনা যাচ্ছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ জনতা মাদ্রাসা ঘেরাও করে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় একটি মামলা দায়ের করেছে। মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ বিরাজ করছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *