সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে অবস্থিত ঐতিহাসিক ৫১ শক্তিপীঠের অন্যতম পবিত্র স্থান যশোরেশ্বরী কালী মন্দিরে আজ এক বিশেষ পূজা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। সনাতনী ফাউন্ডেশনের (সফা) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কারাবন্দী সনাতনী নেতৃবৃন্দের মুক্তি এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
আজ দুপুর ১টা সময়ে মন্দিরের প্রধান পুরোহিতের উপস্থিতিতে শাস্ত্রীয় বিধিবিধান মেনে পূজা নিবেদন করা হয়। আয়োজক পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ পূজার মাধ্যমে শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ বর্তমানে কারাবন্দী সকল সনাতনী ধর্মাবলম্বীর দ্রুত ও নিঃশর্ত মুক্তি কামনা করা হয়েছে। একই সঙ্গে সনাতনী ফাউন্ডেশনের (সফা) সকল সদস্যের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করা হয়।
এছাড়াও শ্রীমতি পুষ্পিতা গুপ্তা ও তাঁর পরিবারের সকল সদস্যের সার্বিক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে। সনাতনী ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এই পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতিতে এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজক প্রতিনিধির বক্তব্যে বলা হয়, “আমরা মা যশোরেশ্বরীর চরণে প্রার্থনা জানিয়েছি যেন তিনি সকল অন্ধকার দূর করে সত্য ও ন্যায়ের পথ প্রশস্ত করেন। কারাবন্দী সকল ভক্ত ও সাধু-সন্তদের যেন দ্রুত মুক্তি মেলে এবং প্রতিটি পরিবার শান্তিতে থাকে, এটাই আমাদের আন্তরিক প্রার্থনা।”
পূজা শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এবং দেশ ও দশের মঙ্গলে বিশেষ আরতি সম্পন্ন হয়।