নেছারাবাদে খাস জমি থেকে অবৈধ মাটি কাটায় ৩ ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

Spread the love

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিনটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার গুয়ারেখা ও সারেংকাঠী ইউনিয়নের সংযোগস্থলের পশ্চিম সারেংকাঠী এলাকায় সন্ধ্যা নদীর তীরবর্তী অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।

দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো— আশা ব্রিকস, মর্ডান ব্রিকস এবং ডায়মন্ড ব্রিকস ফিল্ড। ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব ইটভাটা সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে এ অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযান চলাকালে চারটি ট্রলার ভর্তি মাটি জব্দ করা হয়। পরে এসব মাটি সুটিয়াকাঠী ইউনিয়নের একটি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজে পাঠানো হয়।

এ সময় ইটভাটার প্রতিনিধিরা ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হবে না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *