নোয়াখালী শহরের একটি মাদ্রাসায় এক আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিক্ষকের নাম মোহাম্মদ মারুফ (২২)। তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে শুক্রবার দুপুরে তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সকালে অভিযুক্ত শিক্ষক শিক্ষার্থীর কক্ষে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি প্রথমে গোপন থাকলেও ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পর শিক্ষার্থীর আচরণে পরিবর্তন লক্ষ্য করেন তার পরিবার।
শিক্ষার্থীর বাবা জানান, বাড়িতে ফেরার পর তার ছেলে মানসিকভাবে ভেঙে পড়ে এবং কারও সঙ্গে ঠিকমতো কথা বলছিল না। পরে একপর্যায়ে জিজ্ঞাসাবাদে সে মাদ্রাসায় শিক্ষকের দ্বারা নির্যাতনের শিকার হওয়ার বিষয়টি জানায়। এরপরই তিনি থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) শ্রী রামচন্দ্র ভট্টাচার্য জানান, অভিযুক্ত শিক্ষককে বৃহস্পতিবার রাতে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ডিএমএন/