বাংলাদেশে আবারও রাতের আধারে সংখ্যালঘু পরিবারের সম্পত্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন এলাকায় একটি সনাতনী হিন্দু পরিবারের মালিকানাধীন দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাটি ঘটে সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে। স্থানীয় সূত্রে জানা যায়, ‘নিউ তাল তরঙ্গ’ নামে পরিচিত ওই দোকানে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে দোকানের ভেতরে থাকা মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, এই অগ্নিকাণ্ডে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এলাকাবাসীর মধ্যে ঘটনাটি নিয়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে। স্থানীয়রা অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন।
ডিএমএন/