পলাশবাড়ীতে রাম প্রতিমা নির্মাণ বন্ধ ও শ্রীরামের ছবি অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ হিন্দু মহাসভা

Spread the love

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কোমরপুর হাঁসবাড়ী গ্রামে অবস্থিত রাধাগোবিন্দ মন্দিরে ভগবান শ্রীরাম চন্দ্রের প্রতিমা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া এবং বিক্ষোভ সমাবেশে শ্রীরামের ছবিতে জুতা নিক্ষেপের অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ হিন্দু মহাসভা।

শনিবার (১৩ জুন) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির চেয়ারম্যান দীপক চন্দ্র গুপ্ত এবং মহাসচিব সুনীল শুভ রায় এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তারা বলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাধাগোবিন্দ মন্দিরে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম চন্দ্রের প্রতিমা নির্মাণ কাজ জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছে বলে তারা অবগত হয়েছেন। পাশাপাশি “গাইবান্ধা সচেতন নাগরিক” ব্যানারে আয়োজিত একটি বিক্ষোভ সমাবেশে ভগবান শ্রীরাম চন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপের ঘটনাও তাদের নজরে এসেছে।

বাংলাদেশ হিন্দু মহাসভার নেতৃবৃন্দ বলেন, এ ধরনের কর্মকাণ্ড একটি ধর্মীয় সম্প্রদায়ের বিশ্বাস ও অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান এবং সামাজিক শান্তি-শৃঙ্খলার জন্যও হুমকিস্বরূপ। তারা উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধান সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করেছে। তাই কোনো সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ক্ষুণ্ন করার প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে অবিলম্বে রাম প্রতিমা নির্মাণকাজ পুনরায় চালুর ব্যবস্থা গ্রহণ এবং শ্রীরামের ছবি অবমাননার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় অবমাননা ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেন বাংলাদেশ হিন্দু মহাসভার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক সাগর কর্মকার।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *