পলাশবাড়ীতে শ্রীরামের ছবি অবমাননার অভিযোগে উদ্বেগ ও নিন্দা জানাল রাম সেবক

Spread the love

শ্রীরামের ছবি অবমাননার অভিযোগে বিবৃতি, তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

গাইবান্ধার পলাশবাড়ীতে অনুষ্ঠিত একটি বিক্ষোভ কর্মসূচিতে হিন্দু ধর্মাবলম্বীদের পরম আরাধ্য ভগবান শ্রীরামের ছবি অবমাননার অভিযোগে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠন ‘রাম সেবক’।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর সম্পাদক শ্রী জয়ন্ত দাশ এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে ‘অসাম্প্রদায়িক সচেতন নাগরিক কমিটি’ ব্যানারে আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচিতে কিছু ব্যক্তিকে ভগবান শ্রীরামের ছবিতে জুতা নিক্ষেপ করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। সংগঠনটির দাবি, এ ধরনের কর্মকাণ্ড সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতি ও ভাবাবেগে গভীর আঘাত হেনেছে।

রাম সেবকের পক্ষ থেকে বলা হয়, এটি শুধু একটি ধর্মীয় প্রতীকের অবমাননা নয়, বরং দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় মর্যাদা, অনুভূতি ও সাংবিধানিক অধিকারের ওপর আঘাতস্বরূপ। একটি বহু ধর্ম ও বহু সংস্কৃতির দেশে কোনো ধর্মীয় বিশ্বাস, উপাস্য বা প্রতীকের অবমাননা গ্রহণযোগ্য হতে পারে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংগঠনটি আরও বলে, মতপ্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক অধিকার হলেও ঘৃণা, অবমাননা ও উসকানিমূলক আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা জাতীয় সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বিবৃতিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের আহ্বান জানানো হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।

একই সঙ্গে ভবিষ্যতে কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপাস্য, ধর্মীয় প্রতীক বা বিশ্বাসকে অবমাননা করার মতো ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

রাম সেবকের পক্ষ থেকে বলা হয়, ধর্মীয় সহনশীলতা, সমঅধিকার এবং সকল নাগরিকের মর্যাদা রক্ষার প্রশ্নে তারা আপসহীন। বাংলাদেশের সংবিধানে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকারের চেতনা সমুন্নত রাখতে তারা সবসময় সোচ্চার থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *