ধান কাটা নিয়ে বিরোধ, জয়পুরহাটে হিন্দু দিনমজুর শ্যামল চন্দ্র মালীকে পিটিয়ে হত্যা!

Spread the love

নিজস্ব প্রতিবেদক | আনন্দ চন্দ্র শীল | দেবালয় মিডিয়া নিউজ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটা নিয়ে পূর্ব বিরোধের জেরে শ্যামল চন্দ্র মালী (৫০) নামে এক হিন্দু দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার কাশিড়া গ্রামের একটি সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

নিহত শ্যামল চন্দ্র মালী উপজেলার কাশিড়া শীলপাড়া গ্রামের বাসিন্দা ও বীরেন চন্দ্র মালীর ছেলে। আটক ব্যক্তি হাসান আলী, তিনি একই উপজেলার ঢেকুঞ্চা বাউস্ত গ্রামের রেজাউল দেওয়ানের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শ্যামল চন্দ্র মালী কাশিড়া হাটে যাওয়ার পথে সড়কের মধ্যে হাসান আলীর সঙ্গে তার দেখা হয়। এ সময় একটি জমির ধান কাটা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে অভিযোগ রয়েছে, হাসান আলী পেছন থেকে একটি গাছের ডাল দিয়ে শ্যামলের মাথার পেছনে আঘাত করেন।

আঘাতে গুরুতর আহত হয়ে শ্যামল চন্দ্র মালী সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামল চন্দ্র মালীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত হাসান আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং সংশ্লিষ্ট সকল তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *