নেছারাবাদে অন্তঃসত্ত্বা এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Spread the love

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জয়িতা মন্ডল (২১) নামে এক অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জয়িতা মন্ডল ওই গ্রামের পরিতোষ মন্ডলের মেয়ে। তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। প্রায় পাঁচ মাস আগে একই ইউনিয়নের অমল মন্ডলের ছেলে অসীম মন্ডলের সঙ্গে তার বিয়ে হয়। পরিবারের দাবি, তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাবার বাড়িতে অবস্থানকালে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে কথা বলছিলেন জয়িতা। কথোপকথনের একপর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য হয় বলে পরিবারের সদস্যরা জানান। পরে দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

জয়িতার কাকা হরিপদ মন্ডল জানান, গোসল শেষে তার মা ঘরে ফিরে মেয়েকে খুঁজতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পরিবারের সদস্যদের প্রাথমিক বক্তব্য অনুযায়ী ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *