হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় অবস্থিত শ্রী শ্রী গোপাল মন্দিরে গভীর রাতে ভাঙচুরের চেষ্টা ও মূর্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনাটি এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে।
জিডি সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি মন্দিরের দরজায় ধাক্কাধাক্কি করে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় মন্দিরে একা অবস্থান করছিলেন সেবায়িত পুষ্প রানী সরকার (৪০)। তিনি জানান, হঠাৎ শব্দ শুনে ভয় পেয়ে তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।
পরে দরজা খুলতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা মন্দিরের বারান্দায় থাকা পঞ্চত্ব মূর্তি ভাঙচুর করে পালিয়ে যায়। ভোর আনুমানিক ৫টার দিকে সেবায়িত পুষ্প রানী সরকার বিষয়টি মন্দির কমিটির সভাপতি সজল চন্দ্র শীলকে অবহিত করেন।
খবর পেয়ে মন্দির কমিটির সেক্রেটারি সঞ্জয় দাস, রুবেল চন্দ্র দাস, অবনি মোহন বিশ্বাস, সুজিত দাসসহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে ভাঙচুরের বিষয়টি প্রত্যক্ষ করেন।
এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি সজল চন্দ্র শীল (৫১), পিতা মাখন চন্দ্র শীল, গ্রাম শাহপুর, ইউনিয়ন নোয়াপাড়া, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ—মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১০১১, তারিখ: ১৭ এপ্রিল ২০২৬) করেন। জিডিতে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা ব্যক্তিরা মন্দিরের দরজা ভাঙার চেষ্টা করে এবং বারান্দায় থাকা মূর্তি ভাঙচুর করে। ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিষয়টি জিডিভুক্ত করা হয়েছে।
জিডিতে আরও উল্লেখ করা হয়, এ ঘটনায় আপাতত কোনো মামলা করতে ইচ্ছুক নন আবেদনকারী, তবে ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের নজরদারি কামনা করা হয়েছে।
মাধবপুর থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্দিরের নিরাপত্তা জোরদার এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ডিএমএন/