সিলেট নগরীর বাগবাড়ি এলাকার নিজ বাসভবন থেকে সাবেক পুলিশ কর্মকর্তা মনোজ কান্তি দাস (৫৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত মনোজ কান্তি দাস সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নারকিলা গ্রামের মৃত মহিম চন্দ্র দাসের ছেলে। তিনি দীর্ঘদিন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও জেলা পুলিশে দায়িত্ব পালন করেছেন। আগামী ১ আগস্ট থেকে তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বছর সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী মারা যান। এরপর থেকে তিনি সিলেট নগরীর বাগবাড়ি নরসিংটিলা এলাকার বাসায় শ্বশুর-শাশুড়ি ও সন্তানদের সঙ্গে বসবাস করতেন। পরিবারের অন্য সদস্যরা নিচতলায় থাকলেও মনোজ কান্তি দাস দ্বিতীয় তলায় একাই থাকতেন।
সোমবার (২৭ জুলাই) রাতে দায়িত্ব পালন শেষে বাসায় ফিরে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে যান। এরপর মঙ্গলবার সারাদিন তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
ঘরটি ভেতর থেকে বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। পরে ঘরের মেঝেতে মনোজ কান্তি দাসের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার শেষে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, উদ্ধারকালে মরদেহের নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।