গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পলাশবাড়ী এলাকায় অবস্থিত শ্রী শ্রী রাধা-গোবিন্দ কালী মন্দিরে হামলার আশঙ্কা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রসহ একদল দুর্বৃত্ত মন্দির ভাঙার উদ্দেশ্যে সেখানে উপস্থিত হয়ে মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরোনিদাসকে প্রকাশ্যে হুমকি দিয়ে চলে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর মন্দির ও নিজের জীবনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করে শ্রী হরিদাস চন্দ্র তরোনিদাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মন্দির বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। বর্তমানে তার জীবন ঝুঁকির মুখে রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে শ্রী হরিদাস চন্দ্র তরোনিদাস বলেন,
“প্রিয় ভক্তবৃন্দগণ, আমার এই মন্দির ও এখানে অবস্থানরত সবার নিরাপত্তার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাই। আজ শ্রী শ্রী রাধা-গোবিন্দ কালী মন্দির ভাঙার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে লোকজন এসেছে। তারা আমাকে প্রকাশ্যে মৃত্যুর হুমকি দিয়ে গেছে।”
তিনি আরও বলেন,
“আজকের পর থেকে যতক্ষণ পর্যন্ত আমার এবং আমার ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। কোনো ভক্তবৃন্দ এখন মন্দিরে প্রবেশ করতে পারবেন না।”
নিজের বক্তব্যে তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন,
“আর কতদিন এভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ভয় আর অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে? আমি আইনের আশ্রয় চাই এবং প্রশাসনের কাছে জোরালো হস্তক্ষেপ কামনা করছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভক্ত ও এলাকাবাসীরা দ্রুত মন্দির এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ডিএমএন/