বিশ্বজুড়ে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে বিভ্রাট; ভোগান্তিতে কোটি ব্যবহারকারী

Spread the love

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ ব্যাপক বিভ্রাট দেখা দিয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে এ সমস্যা শুরু হয়। ফলে মোবাইল ফোন ও কম্পিউটার—উভয় মাধ্যমেই ফেসবুক ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়েন ব্যবহারকারীরা।

ব্যবহারকারীরা জানান, ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে ‘Sorry, Something Went Wrong’ বার্তা প্রদর্শিত হচ্ছিল। অনেকেই তাদের অ্যাকাউন্টে লগইন করতে পারেননি। লগইনের চেষ্টা করলে ‘This page isn’t available right now’ (এই পেজটি বর্তমানে উপলব্ধ নয়) বার্তা দেখা যায়।

ওয়েবসাইট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, শুধু ফেসবুক নয়, একই সময়ে ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামেও একই ধরনের প্রযুক্তিগত ত্রুটি দেখা গেছে। অনেক ব্যবহারকারীর ক্ষেত্রে ইনস্টাগ্রামের পেজ লোড হচ্ছিল না এবং মেসেঞ্জারের বিভিন্ন ফিচারও অকার্যকর হয়ে পড়ে।

এই আকস্মিক বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ও বিরক্তি দেখা দেয়। অনেকেই বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যমে গিয়ে সমস্যার বিষয়টি শেয়ার করতে শুরু করেন।

এ বিষয়ে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর জন কোপল্যান্ড তার ব্যক্তিগত টুইটার (এক্স) অ্যাকাউন্টে লিখেছেন, “আর কারো কি ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হয়ে যাওয়ার পর আবার লগইন করতে পারছেন না? অজানা ত্রুটি।”

তবে কখন এই সমস্যার সম্পূর্ণ সমাধান হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি। ফেসবুক ডাউন হওয়ার বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত ব্যাখ্যা না এলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা সমস্যাটি সম্পর্কে অবগত রয়েছে এবং দ্রুত সেবা স্বাভাবিক করতে কাজ করছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, মেটার মূল সার্ভার ডাউন হওয়া অথবা নেটওয়ার্ক অবকাঠামোর কোনো অভ্যন্তরীণ ত্রুটির কারণেই এই সাময়িক পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ব্যবহারকারীদের করণীয়

বিশেষজ্ঞদের মতে, যেহেতু এটি ফেসবুকের নিজস্ব সার্ভারজনিত সমস্যা, তাই ব্যবহারকারীদের ডিভাইস বা ইন্টারনেট সংযোগে কোনো ত্রুটি নেই। এ অবস্থায় ব্যবহারকারীদের কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে—

ফেসবুক কর্তৃপক্ষ সমস্যা সমাধান না করা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন।

বারবার পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করবেন না। এতে নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে অ্যাকাউন্ট লক হয়ে যেতে পারে।

জরুরি যোগাযোগের প্রয়োজনে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা অন্য কোনো বিকল্প যোগাযোগমাধ্যম ব্যবহার করুন।

বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগ, ব্যবসা ও তথ্য আদান-প্রদানের অন্যতম মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে এ ধরনের বিভ্রাট বড় ধরনের প্রভাব ফেলেছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *