“সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার সমান অধিকার”—চট্টগ্রামে এমপি নিজাম

Spread the love

চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই, সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে আয়োজিত ১২৯তম মহাতীর্থ বারুণী স্নান উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজাম বলেন, দেশের বাইরে থেকে যারা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অপপ্রচার চালান, তাদের তিনি বলবেন, “বাংলাদেশে আসুন, দেখুন অসাম্প্রদায়িক বাংলাদেশ কাকে বলে।” সকল ধর্মের মানুষকে নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে উদযাপনের আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু এবং খাল খনন কাজের উদ্বোধন হয়েছে। পরবর্তীতে কৃষক কার্ডসহ অন্যান্য প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডা. উজ্জ্বল মিত্র, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশীষ কান্তি চৌধুরী, এবং যৌথ সঞ্চালনায় ছিলেন মাস্টার রতন কান্তি শীল ও ডা. সবুজ কান্তি দেব।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রণধীর দত্ত, অশোক কুমার শীল, সদীপ দেবনাথ (সজীব), রবীন্দ্র দেবনাথ (রবি), মাস্টার নারায়ণ বরণ সরকার, শফিউল আলম জাকারিয়া চৌধুরী (জকু), আব্দুল গফুর, ইলিয়াস করিম (ইলু), ইমরান হোসেন, কাজল ঘোষ এবং পারকি ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেমসহ অনেকে।

নিজামের বক্তব্যে স্পষ্টভাবে বলা হয়, “সব ধর্মাবলম্বীই সমান, সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই। সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের পথে এগোতে হবে।”

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *