পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য নগরবাসী গ্রামে ফিরে যাওয়ায় ধীরে ধীরে ফাঁকা হয়ে পড়ছে বন্দরনগরী চট্টগ্রাম। এই পরিস্থিতিতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, চুরি-ডাকাতি বা দুর্ঘটনা রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ১৯ দফা নির্দেশনা জারি করেছে। জরুরি প্রয়োজনে নাগরিকদের সহায়তার জন্য বিশেষ হটলাইন নম্বরও চালু করা হয়েছে।
সিএমপি জানিয়েছে, ঘরমুখো মানুষের নিরাপত্তা ও জানমালের সুরক্ষায় মাঠ পর্যায়ে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। তবে নাগরিক সচেতনতা নিশ্চিত করার জন্য বাসাবাড়ি ত্যাগের আগে কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সিএমপির ১৯ নির্দেশনা:
১. বাসাবাড়ি বা প্রতিষ্ঠান ত্যাগের আগে দরজায় উন্নত মানের অতিরিক্ত তালা ব্যবহার করা।
২. ঘরে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার বা মূল্যবান সামগ্রী রাখা এড়িয়ে চলা।
৩. সিসিটিভি ক্যামেরা ও অ্যালার্ম সিস্টেম সচল আছে কি না পরীক্ষা করা।
৪. প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করা।
৫. নতুন নিরাপত্তাকর্মী নিয়োগ দিলে তাদের এনআইডি ও ছবি সংরক্ষণ করা।
৬. বাসা ত্যাগের আগে সংশ্লিষ্ট বিট অফিসার বা থানাকে অবহিত করা।
৭. ব্যাংক, বিমা ও অন্যান্য প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের ডিউটি জোরদার ও তদারকি করা।
৮. প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে একসঙ্গে ছুটি না দিয়ে একটি অংশ দায়িত্বে রাখা।
৯. আর্থিক প্রতিষ্ঠানের ভল্ট এলাকায় সিসিটিভি কাভারেজ নিশ্চিত করতে একজন ‘ফোকাল পয়েন্ট’ কর্মকর্তা নিয়োগ দেওয়া।
১০. রাতে বাসা বা প্রতিষ্ঠানের চারপাশ পর্যাপ্ত আলোকিত রাখা।
১১. গুরুত্বপূর্ণ দলিল বা মূল্যবান সামগ্রী প্রয়োজনে ব্যাংক লকারে রাখা।
১২. ভাড়াটিয়াদের পক্ষ থেকে ঈদের ছুটিতে বাসায় না থাকার বিষয়টি মালিককে আগেই জানানো।
১৩. গ্যারেজের নিরাপত্তা নিশ্চিত করা।
১৪. জানালার পাশে গাছের ডালপালা কেটে ফেলা, যাতে অপরাধীরা তা ব্যবহার না করতে পারে।
১৫.:কোনো অপ্রীতিকর ঘটনা বা শঙ্কার সৃষ্টি হলে তাৎক্ষণিক পুলিশকে জানানো।
১৬. ব্যক্তিগত গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে রাইডিং থেকে বিরত থাকা।
১৭. ভ্রমণকালে অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা।
১৮. অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা সম্পর্কে সতর্ক থাকা।
১৯. সন্দেহভাজন কোনো ব্যক্তি বা কার্যক্রম দেখলে পুলিশকে অবহিত করা।
সিএমপি জানিয়েছে, যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পাশাপাশি এই হটলাইন নম্বরেও যোগাযোগ করা যাবে: ০১৩২০-০৫৭৯৯৮, ০১৩২০-০৫৭৯৯৯।
ডিএমএন/