কক্সবাজার শহরে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় গণেশ পাল নামে এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ মার্চ) বিকেল ৩টার দিকে শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানা-র ওসি মো. ছমি উদ্দিন।
নিহত গণেশ পাল (৩৫) শহরের বড়বাজার এলাকার মুদি দোকানদার ছিলেন। তিনি বিশ্বনাথ পালের ছেলে।
নিহতের স্ত্রী শেফালী পাল ও তার ভাই আশীষ পালের অভিযোগ, নবনির্মিত বাড়িতে একটি সেপটিক ট্যাংক বসানোর সময় তাদের এক প্রতিবেশী চাঁদা দাবি করছিলেন। এ নিয়ে আগেও দুই পক্ষের মধ্যে কয়েকবার বাগবিতণ্ডা হয়েছিল।
তাদের দাবি, শনিবার বিকেলে ওই প্রতিবেশী গণেশ পালের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি ছমি উদ্দিন জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্থানীয়ভাবে বিভিন্ন ছোটখাটো অপরাধের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত জিশান নামের এক ব্যক্তি গণেশ পালের কাছে টাকা দাবি করেছিলেন।
তিনি বলেন, “গণেশ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জিশান একটি ছুরি বের করে গণেশকে দুইবার আঘাত করেন। ঘটনার সময় সেখানে আরও এক যুবক উপস্থিত ছিলেন বলে আমরা জানতে পেরেছি।”
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ডিএমএন/