পাবনার চাটমোহরে পুকুর খননের সময় মিলল প্রাচীন বিষ্ণু মূর্তি

Spread the love

পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকায় পুকুর সংস্কারের সময় একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন-এর বাঘলবাড়ি গ্রামে ‘সরকারি মঠের পুকুর’ নামে পরিচিত একটি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি একটি প্রকল্পের আওতায় পুকুরটি সংস্কারের জন্য খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটার সময় মাটির নিচ থেকে পাথরের তৈরি একটি মূর্তি বেরিয়ে আসে। বিষয়টি ছড়িয়ে পড়লে সেখানে স্থানীয় মানুষের ভিড় জমে।

পুকুর খননের দায়িত্বে থাকা ইদ্রিস বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে ঘটনাস্থলে উপস্থিত হন মুসা নাসের চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আতিকুর রহমান।

পরে প্রশাসনের উপস্থিতিতে মূর্তিটি উদ্ধার করে নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। বর্তমানে উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া মূর্তিটি হিন্দু ধর্মাবলম্বীদের পূজিত বিষ্ণু দেবতার প্রাচীন মূর্তি। এক সময় হান্ডিয়াল এলাকায় হিন্দু সম্ভ্রান্ত অনেক পরিবারের বসবাস ছিল। তাদের কোনো প্রাচীন স্থাপনা বা মন্দিরের অংশ হিসেবেই মূর্তিটি সেখানে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ইউএনও মুসা নাসের চৌধুরী জানান, উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা প্রায় ৪ ফুট এবং ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি হতে পারে। মূর্তিটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

তিনি আরও জানান, আপাতত মূর্তিটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর-এর কাছে হস্তান্তর করা হবে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *