বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছোট ব্রিজের ঢাল এলাকায় যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনা লাইন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে একটি চলন্ত অ্যাম্বুলেন্সের সঙ্গে সামনাসামনি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অ্যাম্বুলেন্সের চালক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে অ্যাম্বুলেন্সে অন্য কোনো রোগী বা যাত্রী ছিল না বলে জানা গেছে।
দুর্ঘটনার পর যমুনা লাইন পরিবহনের বাসটির চালক, হেল্পার ও সুপারভাইজার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ঘটনার সময় বৃষ্টি হওয়ার কারণে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে কোনো আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায়নি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নিহত চালকের মরদেহ আরেকটি চলন্ত অ্যাম্বুলেন্সে করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার চেষ্টা চলছে।
ডিএমএন/