জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ অসাধারণ সাফল্য অর্জন করেছে মৌলভীবাজারের কৃতী শিক্ষার্থী ঐশী নন্দী। দেশের আটটি বিভাগের সেরা প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় বিষয়ভিত্তিক কুইজ (ইংরেজি) বিভাগে প্রথম স্থান এবং উপস্থিত বক্তৃতা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে সে জাতীয় পর্যায়ে নিজের মেধার স্বাক্ষর রেখেছে।
গত ১৬ জুন ঢাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ঐশী নন্দী মৌলভীবাজার সদর উপজেলার গির্জাপাড়া এলাকার বাসিন্দা রতন নন্দী ও সুচনা নন্দীর কন্যা। সে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পৌরসভা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জনের পর জাতীয় পর্যায়েও কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছে।
ঐশীর মা সুচনা নন্দী বলেন, “ঐশীর এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার কঠোর পরিশ্রম, শিক্ষকদের সহযোগিতা এবং সবার আশীর্বাদে সে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করতে পেরেছে। আমরা চাই সে ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের জন্য অবদান রাখুক।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বতী দাস বলেন, “ঐশী আমাদের বিদ্যালয়ের গর্ব। তার মেধা, অধ্যবসায় ও শেখার আগ্রহ তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
ঐশী নন্দীর এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার, শিক্ষক-শিক্ষার্থী এবং মৌলভীবাজারবাসী। শিক্ষা ক্ষেত্রে তার এই অর্জন জেলার জন্য এক গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় দেশসেরা মৌলভীবাজারের কৃতী শিক্ষার্থী ঐশী নন্দী
ডিএমএন/