“শ্রীরামের মর্যাদা রক্ষা ও পলাশবাড়ীর বিগ্রহ নির্মাণের দাবিতে ধর্ম মন্ত্রণালয়ে সনাতনী সমাজের স্মারকলিপি”

Spread the love

ঐক্যবদ্ধ সনাতনী সমাজ, বাংলাদেশের ঘোষিত তিন দিনের স্মারকলিপি কর্মসূচির প্রথম দিনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ভগবান পুরুষোত্তম শ্রীশ্রী রামচন্দ্রের প্রতিকৃতির অবমাননার ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণাধীন ভগবান শ্রীরাম ও ভগবান শ্রীবিষ্ণুর বিগ্রহ নির্মাণে ধর্মীয় অধিকার নিশ্চিত করার দাবিতে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণাধীন শ্রীরাম ও শ্রীবিষ্ণুর বিগ্রহকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি দেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। পাশাপাশি ভগবান শ্রীরামচন্দ্রের প্রতিকৃতিতে জুতাপেটার ঘটনা কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে উল্লেখ করা হয়।

সংগঠনের নেতারা স্মারকলিপিতে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ৪১-এর কথা উল্লেখ করে বলেন, সকল নাগরিকের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তারা দাবি করেন, কোনো ধর্মীয় উপাস্য বা প্রতীকের অবমাননা শুধু একটি সম্প্রদায়ের অনুভূতিতেই আঘাত হানে না, বরং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধকেও ক্ষতিগ্রস্ত করে।

স্মারকলিপিতে ধর্মীয় অবমাননার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে পলাশবাড়ীতে নির্মাণাধীন বিগ্রহ নির্মাণের বিষয়ে ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়।

ঐক্যবদ্ধ সনাতনী সমাজ, বাংলাদেশ জানিয়েছে, ধর্ম মন্ত্রণালয়ের পর পর্যায়ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবরও স্মারকলিপি প্রদান করা হবে।

ডিএমএন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *