বাংলাদেশ সনাতন মহাসংঘের চতুর্থ বর্ষে পদার্পণ এবং দেবীদ্বার উপজেলা শাখার বার্ষিক সম্মেলন উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা ও সাংগঠনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুন শুক্রবার দেবীদ্বার উপজেলার খলিলপুর বেদান্ত আশ্রম প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সনাতন মহাসংঘ দেবীদ্বার উপজেলা শাখার আহ্বায়ক সঞ্জিত দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন মহাসংঘ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আহ্বায়ক শ্রী পিযুষ দাস। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সনাতন মহাসংঘ কুমিল্লা জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব শ্রী বাঁধন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী মোঃ সালাউদ্দিন রুহুল, চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সুমন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অধ্যাপক বিমল কুমার দে এবং সদস্য সচিব পরিমল বিকাশ দে।
এছাড়াও কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ, দেবীদ্বার উপজেলা শাখার সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোর ঐক্য, মানবিক কর্মকাণ্ড, পরিবেশ সংরক্ষণ এবং সনাতন সমাজের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ সনাতন মহাসংঘ কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব শান্ত সূত্রধর দেবীদ্বার উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি, মেঘনা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি এবং দাউদকান্দি ও চান্দিনা উপজেলার যৌথ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন ঘোষণা করেন। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানের শেষপর্বে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে ভক্ত ও উপস্থিত অতিথিদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সফল সমাপ্তি ঘটে।
ডিএমএন/