কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জেরে পুত্রের আঘাতে পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আব্দুল খালেক (৫৫) এবং অভিযুক্ত তার ছেলে আসাদুজ্জামান মানিক (২৯)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই মানিকের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন তিনি।
রোববার দুপুর আনুমানিক ১টার দিকে নিজ বাড়িতে বাবার সঙ্গে মানিকের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি ঘর থেকে একটি লোহার শাবল এনে বাবার মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেক মারা যান।
খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং অভিযুক্ত মানিককে আটক করে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত মানিক মানসিক ভারসাম্যহীন কিনা তাও তদন্ত করে দেখা হবে।
ডিএমএন/