মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে পুকুর থেকে দিপন মালাকার (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) সকালে ইউনিয়নের একাসন্তোষ গ্রামের একটি পুকুরে তাঁর মরদেহ ভেসে ওঠে। এই মর্মান্তিক ঘটনার সঠিক কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

নিহত দিপন মালাকার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের একাসন্তোষ গ্রামের কৃষ্ণ মালাকারের বড় ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দিপন তাঁর বাবা-মা ও ছোট ভাইয়ের কর্মস্থলে একা বাড়িতে বসবাস করতেন। গত দুই দিন ধরে তাঁকে এলাকায় দেখা যাচ্ছিল না এবং তাঁর বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে জানান প্রতিবেশীরা।
মঙ্গলবার সকালে পুকুরের মালিক পানিতে দিপনের মরদেহ ভাসতে দেখে তাঁর মামা ও আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাজনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত বা আটক করা যায়নি, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে নিহতের পরিবারের দাবি, দিপনের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তবে নিখোঁজের দুই দিন পর এভাবে মরদেহ পাওয়া একটি পরিকল্পিত ঘটনার ইঙ্গিত দিতে পারে বলে তাদের সন্দেহ।
স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, এমন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে এলাকায় নিরাপত্তাহীনতা বাড়তে পারে এবং সামাজিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।
ডিএমএন/