ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ঘাটে তীর্থ স্নান করতে গিয়ে অপর্ণা সূত্রধর (১০) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ অপর্ণা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজ পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, তীর্থ স্নান উপলক্ষে সকালে পরিবারের সঙ্গে গোকর্ণ ঘাটে যায় অপর্ণা। একপর্যায়ে সবার অগোচরে সে পানিতে নেমে যায়। তবে দীর্ঘ সময় পার হলেও তাকে আর পানির উপর ভেসে উঠতে দেখা যায়নি।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা টানা প্রায় পাঁচ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালালেও বিকেল পর্যন্ত অপর্ণার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, ঘটনাস্থলে অবস্থান করছেন শিশুটির স্বজনরা। তাদের আহাজারিতে ঘাট এলাকা ভারি হয়ে উঠেছে। স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে ০১৭৮২৮৭০৬০৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
ডিএমএন/