নরসিংদীর পলাশ উপজেলায় একই মহল্লার দুই বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন—মধ্য বাগপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) এবং বাগপাড়া মহল্লার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহত দুজন পরস্পরের বন্ধু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা জানান, মিমের মা-বাবা অন্যত্র থাকতেন এবং তিনি বাড়িতে একাই বসবাস করতেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। লাশে পচন ধরায় ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তিনি আত্মহত্যা করেছেন।
অন্যদিকে, শেখ শরিফের বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। বাড়িতে তার অসুস্থ মা থাকলেও তিনি কিছু টের পাননি বলে পুলিশকে জানিয়েছেন। পুলিশের ধারণা, শরিফ গত ২৪ ঘণ্টার মধ্যে আত্মহত্যা করেছেন।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজনই মাদকাসক্ত ছিলেন। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
ডিএমএন/