৪০০ টাকার বিরোধে খুলনায় চায়ের দোকানদার খুন

Spread the love

খুলনার রূপসা উপজেলায় মাত্র ৪০০ টাকার পাওনা নিয়ে বিরোধের জেরে চায়ের দোকানদার দীন মোহাম্মদ ঢালী (৫২) খুন হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে এ ঘটনা ঘটে।

নিহত দীন মোহাম্মদ ঢালী ভবানীপুর গ্রামের আবুল কাশেম ঢালীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘাটভোগ ইউনিয়নের কৃষক দল নেতা ও ভ্রাম্যমাণ মাংস বিক্রেতা আবুল খায়ের লস্কর দীন মোহাম্মদের কাছে মাংস বিক্রির বাকি ৪০০ টাকা পেতেন। কয়েকবার চাওয়ার পরও টাকা না পেয়ে মঙ্গলবার বিকালে তিনি আবারও টাকা চাইতে দীন মোহাম্মদের চায়ের দোকানে যান।

এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি, পরে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে আবুল খায়ের লস্কর ইট দিয়ে দীন মোহাম্মদের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত দীন মোহাম্মদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় ইট দিয়ে আঘাত করলে দীন মোহাম্মদ গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।

তিনি আরও জানান, ঘটনার পর অভিযুক্ত আবুল খায়ের লস্কর পলাতক রয়েছেন এবং তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *